সর্বশেষ

রয়টার্সের প্রতিবেদন

কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বাড়ছে

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:০০
কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ বাড়ছে

ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েন, ভিসা জটিলতা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ। ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের গোড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্স উভয় দেশের সরকারি উপাত্তের বিশ্লেষণ করে জানিয়েছে, ২০২৫ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর) গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৮ শতাংশ বেড়েছে। এই তিন মাসে আদানি গ্রুপ বাংলাদেশে সরবরাহ করেছে প্রায় ২২৫ কোটি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ।

 

পুরো ২০২৫ সালে আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ দাঁড়িয়েছে রেকর্ড ৮৬৩ কোটি কিলোওয়াট-ঘণ্টায়, যা বাংলাদেশের মোট বিদ্যুৎ সরবরাহের প্রায় ৮ দশমিক ২ শতাংশ। রয়টার্সের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ভারতের অংশ ছিল ১২ শতাংশ, যা ২০২৫ সালে বেড়ে ১৫ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। চলতি বছরের জানুয়ারির প্রথম ২৭ দিনেই বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ এককভাবে পূরণ করেছে আদানি গ্রুপ।

 

বিদ্যুৎ আমদানির এই ঊর্ধ্বগতি ঘটছে এমন এক সময়ে, যখন বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকট চলছে। দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়া এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নেমে এসেছে রেকর্ড সর্বনিম্ন ৪২ দশমিক ৬ শতাংশে। অথচ গত এক দশক ধরে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় দুই-তৃতীয়াংশই নির্ভর করত গ্যাসের ওপর।

 

গ্যাস সংকট মোকাবিলায় সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরতা বাড়াচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম রয়টার্সকে বলেন, ২০২৬ সালে দেশের বিদ্যুতের চাহিদা ৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এই চাহিদা সামাল দিতে চলতি বছর কয়লা আমদানি আরও বাড়ানো হবে।

 

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশের কয়লা আমদানি আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেড়ে রেকর্ড ১ কোটি ৭৩ লাখ মেট্রিক টনে পৌঁছেছে। আদানি গ্রুপ ২০২৩ সালের শুরুতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

 

তবে বিদ্যুৎ সরবরাহ বাড়লেও আদানির সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক থামেনি। অন্তর্বর্তী সরকার গঠিত একটি জাতীয় পর্যালোচনা কমিটি আদানির বিদ্যুৎ চুক্তিতে ‘অস্বাভাবিক অসংগতি’ ও প্রায় ৫০ শতাংশ বেশি দামের অভিযোগ তুলেছে। তবুও গ্রিড স্থিতিশীলতা বজায় রাখতে এই বিদ্যুৎকে এখন অপরিহার্য বলে মনে করা হচ্ছে।

 

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন বলেন, “গ্যাস সংকটের কারণে ব্যয়বহুল তেলভিত্তিক কেন্দ্র চালানোর চেয়ে আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ তুলনামূলকভাবে এখনো সাশ্রয়ী।”

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত