ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আগামী সোমবার বিকালে অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ গেজেট প্রকাশ করা হয়।
এর আগে সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের শপথ, সংসদ নেতা নির্বাচন ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সুবিধাজনক সময় নির্ধারণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী তিন দিন বা সর্বোচ্চ চার দিনের মধ্যে শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে। তবে প্রয়োজনে আগামীকাল বা পরশুই শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও রয়েছে।
সংবিধান অনুযায়ী বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানের আয়োজন করছে। সচিব জানিয়েছেন, অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি দুই যুগ পর এককভাবে সরকার গঠনের সুযোগ পেয়েছে। ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। শরিকদের তিনটি আসনসহ মোট আসন দাঁড়িয়েছে ২১২। স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের শরিকেরা পেয়েছে আরও ৯টি আসন।
সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পাওয়ার মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। দলটি আগেই এ ঘোষণা দিয়েছে।