একযোগে ইউনূস সরকারের আমলে নিয়োগকৃত ৯ জন সচিব ও সমমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার রাতে এ-সংক্রান্ত পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন—মো. সাইদুর রহমান (সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ), শীষ হায়দার চৌধরী (সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ), সিদ্দিক জোবায়ের (মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি), মোহাম্মদ ইউসুফ (সিনিয়র সচিব, ভূমি আপিল বিভাগ), মমতাজ আহমেদ (সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়), ড. মো. মোখলেসুর রহমান (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), এম এ আকমল হোসেন আজাদ (সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন), বেগম শরিফা খান (বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্ব ব্যাংক) এবং ড. কাইয়ুম আরা বেগম (সচিব, পরিকল্পনা কমিশন)।
প্রজ্ঞাপনগুলোতে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষর করেছেন। সেখানে উল্লেখ করা হয়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট সময় বাতিল করা হয়েছে।
প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, ইউনূস সরকারের সময় অদৃষ্টপূর্বভাবে উচ্চপদস্থ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ ও পুনর্বিন্যাসের ন্যায্যতা ও কার্যকারিতা নিয়ে নবগঠিত বিএনপি সরকারের ভেতরে পুনর্মূল্যায়ন চলছিল। তারই অংশ হিসেবে এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রজ্ঞাপনে নিয়োগ বাতিলের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
একযোগে একাধিক সচিবের চুক্তি বাতিলের ঘটনায় প্রশাসনিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে শূন্য পদ পূরণে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েও কৌতূহল রয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে এসব পদে নতুন নিয়োগ বা দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।