সর্বশেষ

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন

নির্বাচনের আগে গণমাধ্যম স্বাধীনতা, বিচার ও নারীর অধিকার নিয়ে গুরুতর উদ্বেগ

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪০
নির্বাচনের আগে গণমাধ্যম স্বাধীনতা, বিচার ও নারীর অধিকার নিয়ে গুরুতর উদ্বেগ

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার সংস্কারকে রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে নেওয়ার আহ্বান জানিয়েছে। ‘Human Rights Priorities Ahead of National Election’ শীর্ষক ১০ পৃষ্ঠার এক প্রতিবেদনে সংগঠনটি নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী—তিন পর্যায়েই মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে সব প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে মতপ্রকাশের স্বাধীনতা, বিচারব্যবস্থার জবাবদিহি, আদিবাসী ও সংখ্যালঘু অধিকার, নারীর অধিকার, শ্রমিক সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার, শরণার্থী সুরক্ষা এবং মৃত্যুদণ্ডের মতো বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণে পিছিয়ে রয়েছে বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি।

 

মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যম

 

প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার সাইবার সিকিউরিটি অ্যাক্ট সংশোধনের অঙ্গীকার করলেও মে ২০২৫-এ জারি করা সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স-এ এখনও অস্পষ্ট ও অতিরিক্ত বিস্তৃত ধারা রয়ে গেছে, যা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেয় এবং অপব্যবহারের ঝুঁকি তৈরি করে। অ্যামনেস্টির মতে, শুধু সাইবার আইন নয়, অন্যান্য আইনও সাংবাদিকদের লক্ষ্যবস্তু করতে ব্যবহৃত হচ্ছে বিশেষত যাদের আওয়ামী লীগের সমর্থক হিসেবে দেখা হয়।

 

সংস্থাটি কয়েকটি সাম্প্রতিক গ্রেপ্তারের কথা উল্লেখ করেছে। ১৫ ডিসেম্বর ২০২৫ সাংবাদিক আনিস আলমগীরকে আওয়ামী লীগের পক্ষে প্রচারণার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়। একইভাবে, ২৮ আগস্ট ২০২৫ সাংবাদিক মনজুরুল আলম পান্নাকে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে একই আইনে আটক করা হয়। গ্রেপ্তারের আগের দিন তিনি মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ে এক গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখছিলেন।

 

রাষ্ট্রবহির্ভূত পক্ষের হামলার ঘটনাও নথিভুক্ত করেছে অ্যামনেস্টি। ১৮ ডিসেম্বর ২০২৫ জুলাই আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয় এবং নিউ এজ পত্রিকার সম্পাদককে হয়রানি করা হয়। অ্যামনেস্টির ভাষায়, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তাকে নিশ্চিত করতে হবে মতপ্রকাশ ও স্বাধীন গণমাধ্যম শুধু সুরক্ষিতই নয়, বরং সক্রিয়ভাবে উৎসাহিত ও বিকশিত হচ্ছে।

 

জবাবদিহি ও বিচার

 

প্রতিবেদনে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন পরবর্তী জুলাই দাঙ্গায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দপ্তরের তথ্যমতে, ১ জুলাই থেকে ১৫ আগস্ট ২০২৪ সময়কালে কমপক্ষে ১,৪০০ জন নিহত হন, যার মধ্যে আনুমানিক ১৬৮ থেকে ১৮২ জন শিশু। একই সময়ে ১১,৭০০-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়।

 

শেখ হাসিনার পদত্যাগের পর প্রতিশোধমূলক সহিংসতায় আরও অন্তত ২৫০ জন নিহত হন, যাদের মধ্যে পুলিশ সদস্যও ছিলেন। এই প্রেক্ষাপটে অ্যামনেস্টি ২০২৪ সালের আন্দোলনসংক্রান্ত মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো, জাতিসংঘের বিশেষ প্রতিবেদকদের বাংলাদেশ সফরের অনুমতি এবং প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে ন্যায্য বিচার নিশ্চিত করে বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থার সংকট দূর করার আহ্বান জানিয়েছে।

 

আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু অধিকার

 

প্রতিবেদনে বলা হয়েছে, ধারাবাহিক সরকারগুলো পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ, ফলে আদিবাসী জনগোষ্ঠী এখনও বৈষম্য ও প্রান্তিকতার শিকার। অ্যামনেস্টি কয়েকটি সাম্প্রতিক ঘটনার উল্লেখ করেছে। ৭ এপ্রিল ২০২৪ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট–সংক্রান্ত এক ঘটনার পর ১৪২ জন বম জনগোষ্ঠীর মানুষ গ্রেপ্তার হন, যাদের মধ্যে শিশুও ছিল।

 

এ ছাড়া ১৮ ডিসেম্বর ২০২৫ ধর্ম অবমাননার অভিযোগে পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়; এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইভাবে, ১৯ থেকে ২৩ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রামের রাউজান উপজেলায় পাঁচ দিনে সাতটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। সংস্থাটি সংখ্যালঘুদের ওপর হামলার নিরপেক্ষ তদন্ত, বম সম্প্রদায়ের বিরুদ্ধে নির্বিচার টার্গেটিং বন্ধ এবং সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় সংখ্যালঘু প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছে।

 

নারীর অধিকার

 

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, আইনি সুরক্ষা থাকা সত্ত্বেও নারীরা এখনও সহিংসতা, বৈষম্য ও রাজনৈতিক বঞ্চনার মুখে। সরকারি জরিপের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পরিচালিত জরিপে দেখা গেছে ৮.২ শতাংশ নারী ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই এবং ৪১.৬ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ের শিকার হয়েছেন।

 

নির্বাচনী পরিসংখ্যানও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে। ৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত তথ্য অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দল একজন নারী প্রার্থীও মনোনয়ন দেয়নি। মোট প্রার্থীর মধ্যে নারীর হার মাত্র ৪.২৪ শতাংশ। তুলনামূলকভাবে ২০২৪ সালের নির্বাচনে এই হার ছিল ৪.৮৬ শতাংশ এবং ২০১৮ সালে ছিল ৩.৬৭ শতাংশ। অ্যামনেস্টির মতে, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে নারীদের এই ধারাবাহিক বর্জন সমাজ ও গণতন্ত্রের ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনবে।

 

শ্রমিক, জলবায়ু ও শরণার্থী

 

প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে তৈরি পোশাক খাতে শ্রম অধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে। ন্যূনতম মজুরি পুনর্বিবেচনা করে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য করা, আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থন এবং অস্থায়ী ও গৃহভিত্তিক শ্রমিকদের আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

 

জলবায়ু ন্যায়বিচারের ক্ষেত্রে খুলনা ও সাতক্ষীরাসহ উপকূলীয় অঞ্চলের জন্য বিকেন্দ্রীকৃত অভিযোজন তহবিল গঠন এবং দলিত, হরিজন স্যানিটেশন শ্রমিকদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতির কথা বলা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে জোরপূর্বক প্রত্যাবাসন বন্ধ রাখা, শিক্ষা ও জীবিকার সুযোগ বাড়ানো এবং ক্যাম্পে নিরাপত্তা জোরদারের সুপারিশ করা হয়েছে।

 

মৃত্যুদণ্ড

 

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এখনও আন্তর্জাতিক মানদণ্ডের বাইরে বহু অপরাধে মৃত্যুদণ্ড বহাল রেখেছে। যদিও দেশটি আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের পক্ষভুক্ত, তবুও মৃত্যুদণ্ড বিলোপসংক্রান্ত প্রথম ও দ্বিতীয় ঐচ্ছিক প্রোটোকলে এখনও স্বাক্ষর বা অনুমোদন দেয়নি।

 

একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে অ্যামনেস্টি জানিয়েছে, ২০২৪ সালে বাংলাদেশে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। সংস্থাটির মতে, এটি সরকারের জন্য আনুষ্ঠানিক স্থগিতাদেশ ঘোষণার একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা ভবিষ্যতে সম্পূর্ণ বিলোপের পথে প্রথম ধাপ হতে পারে।

 

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান

 

প্রতিবেদনের উপসংহারে অ্যামনেস্টি বলেছে, মানবাধিকার কেবল পরবর্তী সরকারের অঙ্গীকার নয় বরং সব প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে এটিকে কেন্দ্রীয় অগ্রাধিকার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। নির্বাচন কমিশনের ঘোষণামতে ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। সরকার এখনো অ্যামনেস্টির এই সুপারিশগুলোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সব খবর

আরও পড়ুন

নির্বাচন ঘিরে সহিংসতায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসকের তীব্র উদ্বেগ

জানুয়ারিতে ৭৫ সংঘর্ষে নিহত ১১, আহত ৬১৬ নির্বাচন ঘিরে সহিংসতায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসকের তীব্র উদ্বেগ

ইউনূস আমলে ৬০০ রাজনৈতিক সহিংসতা, ‘৯২ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে ৬০০ রাজনৈতিক সহিংসতা, ‘৯২ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’

ঘটনাস্থল পরিদর্শনে নাগরিক প্রতিনিধিদল, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি

রাউজানে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ ঘটনাস্থল পরিদর্শনে নাগরিক প্রতিনিধিদল, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি

জানুয়ারিতে মব সন্ত্রাসে নিহত ২১, বেড়েছে অজ্ঞাত লাশ ও সংখ্যালঘু নির্যাতন

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্বেগ জানুয়ারিতে মব সন্ত্রাসে নিহত ২১, বেড়েছে অজ্ঞাত লাশ ও সংখ্যালঘু নির্যাতন

মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে ৭ স্থানে আগুন, আতঙ্কে রাত জেগে পাহারা

সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে ৭ স্থানে আগুন, আতঙ্কে রাত জেগে পাহারা

‘স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো’

কবর জিয়ারত শেষে সাদ্দাম ‘স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো’

নির্বাচনের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার সুরক্ষার আহ্বান

ইউনূসকে অ্যামনেস্টি সেক্রেটারি জেনারেলের চিঠি নির্বাচনের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার সুরক্ষার আহ্বান

ছাত্রলীগ নেতা সাদ্দাম ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা

৩৯ বিশিষ্ট নাগরিকের নিন্দা ও তদন্তের দাবি ছাত্রলীগ নেতা সাদ্দাম ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা