অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। চূড়ান্ত হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮টি দল। বুধবার আন্তমহাদেশীয় প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরাক। এর মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপ আয়োজনের পথ পুরোপুরি প্রস্তুত হলো।
বিশ্বকাপের শেষ ছয়টি স্থানের জন্য লড়াই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ইউরোপীয় প্লে-অফ পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে সুইডেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক এবং বসনিয়া ও হার্জেগোভিনা। অন্যদিকে, জ্যামাইকাকে হারিয়ে জায়গা নিশ্চিত করেছে ডিআর কঙ্গো।
১২টি গ্রুপে দলসমূহ
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র
গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, সুইডেন
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডিআর কঙ্গো
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা
নতুন মুখ ও প্রত্যাবর্তন
এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণ নতুন দলগুলোর অংশগ্রহণ। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলবে জর্ডান, উজবেকিস্তান, কুরাসাও ও কেপ ভার্দে। পাশাপাশি দীর্ঘদিন পর বিশ্বকাপে ফিরেছে হাইতি ও কঙ্গো। আর ৪০ বছর পর আবারও বিশ্বমঞ্চে দেখা যাবে ইরাককে।
সূচি ও ভেন্যু
আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৩৯ দিনের এই ফুটবল মহাযজ্ঞের পর্দা নামবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।
শিরোপা দৌড়
পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের ‘হেক্সা’ মিশন শুরু করবে। অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে।
৪৮ দলের এই নতুন ফরম্যাট বিশ্বকাপকে আরও প্রতিযোগিতাপূর্ণ ও বৈচিত্র্যময় করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।