সর্বশেষ

উদীচীর ‘পোড়া ক্ষতের’ প্রদর্শনী

ছাইয়ের নিচে চাপা ৫৭ বছরের স্মৃতি, হারানো ইতিহাসের আর্তনাদ

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ২৩:৪২
ছাইয়ের নিচে চাপা ৫৭ বছরের স্মৃতি, হারানো ইতিহাসের আর্তনাদ

উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেই চোখে পড়ে এক ভয়াবহ নিস্তব্ধতা। পুড়ে ছাই হয়ে যাওয়া গিটার, তবলা, ঢোল, খোল, একতারা, হারমোনিয়াম—সবকিছু ছড়িয়ে আছে ধ্বংসস্তূপের মতো। চেয়ার-টেবিল, দলিল-দস্তাবেজ, স্মারক ও সাংগঠনিক উপকরণ—৫৭ বছরের সাংস্কৃতিক সংগ্রামের সাক্ষ্য আজ ছাইয়ের আবরনে ঢাকা।

 

 

গত ১৯ ডিসেম্বর দুবৃত্তদের হামলা ও অগ্নিসংযোগে উদীচীর কেন্দ্রীয় কার্যালয় কার্যত ধ্বংস হয়ে যায়। এখনো পোড়া দেয়ালে লেগে আছে ছাই, মেঝেতে পড়ে আছে আধপোড়া একটি হারমোনিয়াম। উদীচীর সদস্যরা জানান, এই হারমোনিয়ামটির সঙ্গে জড়িয়ে আছে বিশিষ্ট সংগীত পরিচালক অজিত রায়–এর স্মৃতি। একসময় তিনি নিজেই এটি বাজিয়েছিলেন। পাশাপাশি ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী অজিত পান্ডে, মৌসুমী ভৌমিক, সংগীত গবেষক ও শিল্পী শুভেন্দু মাইতি এবং শুভপ্রসাদ নন্দী মজুমদার–এর মতো শিল্পীরাও এই হারমোনিয়ামে গান পরিবেশন করেছেন।

 

 

উদীচীর সহসাধারণ সম্পাদক ইকবালুল হক বলেন, উদীচীর প্রায় সব বড় আয়োজনেই এই হারমোনিয়াম বাজানো হতো। ৯০–এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণ–অভ্যুত্থান—এই হারমোনিয়ামেই গান গেয়ে পথে নেমেছেন উদীচীর শিল্পীরা।

 

মঙ্গলবার উদীচী কার্যালয়ের সামনে আগুনে পোড়া ধ্বংসস্তূপ নিয়ে আয়োজন করা হয় ‘পোড়া ক্ষতের’ প্রদর্শনী। শিল্পীদের বর্তমান অবস্থার প্রতীক হিসেবে সেখানে রাখা হয় একটি রক্তাক্ত পাখির অবয়ব—যার ডানা কেটে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আয়োজকদের ভাষায়, এটি শিল্পীসত্তা ও স্বাধীন সৃজনশীলতার ওপর আঘাতের প্রতীক।

কই সঙ্গে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সেখানে উদীচীর নেতারা অভিযোগ করেন, হামলার ২৪ দিন পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি এখনো খোঁজ নেননি।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার। তিনি বলেন, দেশের অন্যতম বৃহৎ ও গণভিত্তিক সাংস্কৃতিক সংগঠনের ওপর এমন নৃশংস হামলার পরও সংস্কৃতি উপদেষ্টাসহ সরকারের নির্লিপ্ততা গভীর উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিচ্ছে। তাঁর ভাষায়, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং স্বাধীনতাবিরোধী, উগ্র সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী শক্তির সুপরিকল্পিত আক্রমণ।

 

 

জামসেদ আনোয়ার বলেন, গত বছরের ১৮ ডিসেম্বর ছায়ানট, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর হামলার পরদিনই উদীচী কার্যালয়ে হামলা চালানো হয়। হামলার এই ধারাবাহিকতা স্পষ্টভাবে পরিকল্পনার ইঙ্গিত দেয়। প্রকাশ্য সমাবেশে ছাত্রশিবির নেতাদের দেওয়া হুমকির কথাও সবার জানা ছিল, কিন্তু কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

 

 

তিনি আরও অভিযোগ করেন, হামলার দিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও পুলিশি সহায়তা পাওয়া যায়নি। পাশাপাশি চলতি বছরে সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য সরকারি অনুদান থেকে উদীচীকে পরিকল্পিতভাবে বাদ দেওয়াকে বৈষম্যমূলক সিদ্ধান্ত হিসেবে আখ্যা দেন।

 

 

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম জানান, হামলার ঘটনায় মামলা করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান তিনি। অন্যথায়, দেশের সাংস্কৃতিক কর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।

প্রদর্শনী পরিদর্শন শেষে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, পুড়ে যাওয়া কার্যালয়ের দৃশ্য তাঁকে ১৯৭১ সালের ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দিয়েছে।

 

 

কার্যালয়ে এখনো ভুতুড়ে পরিবেশ, বাতাসে ভাসছে পোড়া কাঠ ও কাগজের গন্ধ। ইকবালুল হক একটি পুড়ে যাওয়া আলমারি দেখিয়ে জানান, সেখানে ছিল উদীচীর প্রতিষ্ঠাতা ও লেখক সত্যেন সেন–এর নিজ হাতে লেখা একটি অপ্রকাশিত উপন্যাসের পান্ডুলিপি—‘মহা বিদ্রোহের কাহিনী’। আগুনে সেটিও ধ্বংস হয়ে গেছে।

 

তিনি বলেন, “আসবাবপত্র আবার কেনা যাবে। কিন্তু যেসব লেখা, নথি ও স্মৃতি পুড়ে গেছে, সেগুলো আর কখনো ফিরে পাওয়া যাবে না।” উদীচীর ভাষায়, এই হামলা শুধু একটি কার্যালয়ের ওপর নয়—এটি বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক ইতিহাসের ওপর সরাসরি আঘাত। উদীচী কার্যালয় পুনর্গঠনের জন্য সংগঠনটি সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীদের কাছে আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে।

সব খবর

আরও পড়ুন

মিয়ানমার সীমান্তে জোড়া ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

সকালে সাতক্ষীরায়ও ঝাঁকুনি মিয়ানমার সীমান্তে জোড়া ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

সেবা কার্যক্রম বিঘ্নে ভোগান্তি পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

ভোটের আগেই নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তি নিয়ে তাড়াহুড়া

শ্রমিকদের কর্মবিরতি ভোটের আগেই নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তি নিয়ে তাড়াহুড়া

নির্বাচনকালীন সময়ে নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কা

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র নির্বাচনকালীন সময়ে নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কা

শবে বরাত ও রমজানের আগে বাজারে অস্থিরতা

শবে বরাত ও রমজানের আগে বাজারে অস্থিরতা

শঙ্কা ও উদ্বেগ ভোট প্রদানে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরুৎসাহিত করতে পারে

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন শঙ্কা ও উদ্বেগ ভোট প্রদানে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরুৎসাহিত করতে পারে

নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ১

শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ১