ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বলিউডের বাদশাহ শাহরুখ খানসহ অনেক তারকা দেশপ্রেম এবং ঐক্যের বার্তা দিয়েছেন। শাহরুখ খান তার বার্তায় বলেছেন, “আমি ভারতীয় হিসাবে গর্বিত। আমাদের দেশ শিখিয়েছে, ঐক্য ও বৈচিত্রের মধ্যেই শক্তির অবস্থান। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ। সকলকে ভালবাসা।” ধর্মনিরপেক্ষতা ও উদারতন্ত্রের প্রবক্তা শাহরুখ দীর্ঘদিন ধরে এই বার্তাই দিয়ে আসছেন, যা অনুরাগীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এছাড়া অক্ষয় কুমার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে লিখেছেন, “গর্বের সঙ্গে বলো, আমরা ভারতীয়। শুভ প্রজাতন্ত্র দিবস। জয় হিন্দ! জয় ভারত!” অনুপম খেরও অনুরূপ বার্তা দিয়েছেন, “শুভ প্রজাতন্ত্র দিবস। জয় হিন্দ। জয় ভারত। ভারতমাতার জয়। বন্দে মাতরম্।”
সম্প্রতি মুক্তি পাওয়া দেশাত্মবোধক ছবি ‘বর্ডার ২’-এর সাফল্য উপভোগ করছেন সানি দেওল। প্রজাতন্ত্র দিবসে তিনি লিখেছেন, “নিজের মান, সম্মান ও গর্ব— সবকিছুর উপরে হিন্দুস্তানকে রাখে এই ভূমিপুত্র। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।” ১৯৯৭ সালের ‘বর্ডার’-এ অভিনয় করা সুনীল শেট্টী লিখেছেন, “স্বাধীনতা আমাদের কণ্ঠ দিয়েছে। দায়িত্ব দিয়েছে। আমরা যেন স্বাধীনতাকে সব সময়ে সম্মান করতে পারি। ত্রিরঙ্গার জন্য, দেশের জন্য— জয় হিন্দ! জয় ভারত।”
এছাড়া আলিয়া ভাট, মৃণাল ঠাকুর, আদা শর্মা, অমিতাভ বচ্চন, অনিল কাপুর, ভিকি কৌশলসহ আরও বহু বলিউড তারকা প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এই বার্তাগুলো অনুরাগীদের মধ্যে দেশপ্রেম, ঐক্য এবং দায়িত্ববোধের প্রেরণা জাগাচ্ছে।