ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলেও এবার সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে। কারণ বর্তমানে জাতীয় সংসদে স্পিকার বা ডেপুটি স্পিকার দু’জনের কেউই কার্যত দায়িত্বে নেই। এই পরিস্থিতিতে সংবিধানের বিধান মেনে রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি বা প্রয়োজনে প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, ঘোষিত ২৯৭ আসনের বিজয়ীদের নাম-ঠিকানাসহ ফলাফল দ্রুত সরকারি গেজেটে প্রকাশ করা হবে। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যেই নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন করতে হয়। নির্বাচন কমিশনারদের ভাষ্য, রমজান সামনে থাকায় দ্রুত শপথ আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সরকার গঠনে বিলম্ব না হয়।
সাধারণত জাতীয় সংসদের স্পিকার নতুন সদস্যদের শপথ পড়ান। তবে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী দায়িত্বে না থাকায় এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও টুকুর বিরুদ্ধে মামলার বিচার প্রক্রিয়া চলমান তবে তিনি দণ্ডিত নন, কেবল অভিযুক্ত। তাই আইনগতভাবে সুযোগ থাকায় তিনিও শপথ পাঠ করাতে পারতেন বলে সংশ্লিষ্ট মহলের মত।
এ অবস্থায় সংবিধানের বিকল্প ব্যবস্থা কার্যকর হচ্ছে। অনুচ্ছেদ ১৪৮ অনুযায়ী, রাষ্ট্রপতি শপথ পাঠের জন্য যে কোনো ব্যক্তিকে মনোনীত করতে পারেন। জানা গেছে, রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-কে দায়িত্ব দেওয়া হতে পারে। তিনি জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করাবেন। নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ করাতে না পারলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার নিজেই শপথ পাঠ করাতে পারবেন—এ বিধানও সংবিধানে রয়েছে।
শপথের পরই সরকার গঠনের সাংবিধানিক ধাপ শুরু হবে। সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, যে সংসদ সদস্য সংখ্যাগরিষ্ঠের আস্থা অর্জন করবেন, রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা শপথ নিলেই নতুন সরকার কার্যভার গ্রহণ করবে এবং আগের সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে।
নির্বাচন-পরবর্তী দ্রুত শপথ ও সরকার গঠনের এই প্রক্রিয়ায় রাজনৈতিক অঙ্গনে এখন মূল নজর কবে গেজেট প্রকাশ ও কবে অনুষ্ঠিত হবে শপথ অনুষ্ঠান।