সরকার নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অবসরে পাঠানো অন্য চার অতিরিক্ত আইজিপি হলেন—আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান এবং মো. তওফিক মাহবুব চৌধুরী। সোমবার জারি করা এসব প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষর করেছেন।
সরকারি আদেশ অনুযায়ী, নৌ-পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন কুসুম দেওয়ান। অন্যদিকে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া মো. মাসুদুর রহমান পুলিশ সদর দফতরে টিআর (ট্রেনিং রিজার্ভ) পদে কর্মরত ছিলেন এবং মো. তওফিক মাহবুব চৌধুরী রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমিতে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, বিধি অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অবসরজনিত সব সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
পুলিশের উচ্চপদস্থ এই পাঁচ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত প্রশাসনিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। যদিও প্রজ্ঞাপনে অবসরের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে নতুন সরকারের রাজনৈতিক আস্থাভাজনদের পদায়ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।