সরকার দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনা এবং অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) মো. আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি. এম. সরফরাজকে হবিগঞ্জ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদী জেলায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. সানিউল ফেরদৌসকে বান্দরবান জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট জেলায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করবেন। একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বিদায়ী ডিসিদের প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।