অমর একুশে বইমেলার ধারাবাহিকতা ও ঐতিহ্য রক্ষার দাবিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে একদিনের প্রতীকী বইমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ আয়োজন করে ‘একুশে বইমেলা সংগ্রাম পরিষদ’। বইমেলার নির্ধারিত সময় পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে এই প্রতীকী মেলার আয়োজন করা হয়।
বাংলা একাডেমির নজরুল মঞ্চ চত্বরে খোলা আকাশের নিচে চেয়ার-টেবিল বসিয়ে বইয়ের স্টল স্থাপন করা হয়। ‘অমর একুশে প্রতীকী বইমেলা’ নামে আয়োজিত এই মেলায় সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে দিনভর বই বিক্রি ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। আয়োজকেরা জানান, অন্তত ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশ নেয়, সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা ছিল।

মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানের নেত্রী দীপা দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আনু মুহাম্মদ, সাঈদ বারী, খন্দকার শাহ আলম, জামশেদ আনোয়ার তপন, আলমগীর শিকদার লোটন, দেলোয়ার হাসান, সৈয়দ জাকির হোসাইনসহ লেখক, প্রকাশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন।
সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও প্রকাশক সাঈদ বারী বলেন, ভাষাশহীদদের স্মরণে প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী বইমেলা আয়োজনের ঐতিহ্য রয়েছে। কিন্তু এ বছর বাংলা একাডেমি ও সরকার ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

আয়োজকদের অভিযোগ, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই তারিখ পরিবর্তন করা হয়েছে। তারা মনে করেন, নির্বাচনের কারণে মেলা পিছিয়ে দেওয়ার যুক্তি গ্রহণযোগ্য নয়; প্রয়োজনে নির্বাচনের দিন ও আশপাশের কয়েকদিন মেলা বন্ধ রাখা যেত।
দিনব্যাপী মেলায় আলোচনা, আবৃত্তি, সংগীত ও নাটকসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, ভাষা আন্দোলনের চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্য অটুট রাখতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।