সর্বশেষ

মুক্তিযুদ্ধের কবিতা

আমার বিজয় একাত্তরে

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ২৩:২৬
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে আমরা প্রকাশ করছি বিশেষ ধারাবাহিক “রক্তে রাঙা বিজয় আমার”। এতে থাকছে গবেষণাধর্মী নিবন্ধ, মতামত, বিশ্লেষণ, কবিতা, গল্প ও সৃজনশীল রচনা যেখানে উঠে আসবে ১৯৭১-এর ইতিহাস, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নির্মমতা, মুক্তিযোদ্ধাদের সংগ্রাম ও বিজয়ের চেতনামূলক আলোচনা। মুক্তিযুদ্ধের রক্তাক্ত স্মৃতি ও বিজয়ের গৌরবকে কবিতার ভাষায় ধারণ করেছে লুৎফর রহমান রিটনের “আমার বিজয় একাত্তরে”। ত্রিশ লক্ষ শহিদের আত্মদান, শেখ মুজিবের আহ্বান এবং লাল–সবুজের পতাকায় স্বাধীনতার স্বপ্ন—সব মিলিয়ে এই কবিতা একাত্তরের বিজয়কে শোক, ত্যাগ ও আশার এক গভীর মানবিক অভিজ্ঞতা হিসেবে তুলে ধরে।
আমার বিজয় একাত্তরে
ছবিঃ কাইয়ূম চৌধুরী

আমার বিজয় একাত্তরে

লুৎফর রহমান রিটন

 

ডিসেম্বরের শোকের মাসে--

আমার বিজয় রচিত হয়

কবরবিহীন লাশে লাশে... 

মৃত্তিকা আর ধূলিকণায়

রক্তস্নাত ঘাসে ঘাসে...

 

শেখ মুজিবের আহবানে--

আমার বিজয় তিরিশ লক্ষ

বীর শহিদের আত্মদানে...

আমার বিজয় তারায় তারায়

কবিতা আর গানে গানে...

 

স্বাধীনতার মন্ত্রসুরে--

লাল সবুজের এই পতাকায়

মানচিত্রের বক্ষ জুড়ে

মুক্তিসেনার দানব নিধন।

আমার বিজয় একাত্তরে...

 

অটোয়া, ০৭ ডিসেম্বর ২০২৫ 

সব খবর