সর্বশেষ

৮ বিভাগে সম্মাননা পাচ্ছেন ৯ জন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৫ ঘোষণা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৫ ঘোষণা

বাংলা ভাষা ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৫ ঘোষণা করা হয়েছে। এবার ৮টি বিভাগে ৯ জন বরেণ্য সাহিত্যিক ও গবেষককে এ সম্মাননা দেওয়া হচ্ছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবক কমিটির সুপারিশের ভিত্তিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে। দীর্ঘ পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হচ্ছে।

 

এবার কবিতা বিভাগে সম্মাননা পাচ্ছেন মোহন রায়হান। কথাসাহিত্যে পুরস্কৃত হচ্ছেন নাসিমা আনিস। প্রবন্ধ-গদ্যে নির্বাচিত হয়েছেন সৈয়দ আজিজুল হক। শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ সম্মাননা পাচ্ছেন। গবেষণা বিভাগে যৌথভাবে পুরস্কৃত হচ্ছেন মুস্তাফা মজিদ ও ইসরাইল খান। বিজ্ঞানে অবদানের জন্য নির্বাচিত হয়েছেন ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা ও লেখালেখিতে বিশেষ অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন মঈদুল হাসান।

 

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা হিসেবে বিবেচিত। সৃজনশীল সাহিত্য, গবেষণা ও জ্ঞানচর্চায় অবদানের জন্য প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।

সব খবর