আফগানিস্তানে পাকিস্তানের সামরিক অভিযানে তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন—এমন দাবি করেছে আন্তর্জাতিক ওপেন সোর্স গোয়েন্দা বিশ্লেষণ সংস্থা ওপেন সোর্স ইন্টিলিজেন্স (ওসিন্ট) ইউরোপ শাখা। তবে এ বিষয়ে তালেবান সরকার কিংবা পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওসিন্ট ইউরোপ জানায়, পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে কাবুলে তালেবান সদরদপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ওই হামলায় তালেবান সরকারের সর্বোচ্চ নেতা **হিবাতুল্লাহ আখুন্দজাদা**সহ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করা হয়।
এর আগে পাকিস্তান দাবি করে, আফগানিস্তানের হামলার জবাবে শুক্রবার ভোরে কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে একযোগে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন। তবে আফগানিস্তান এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, পাকিস্তানের হামলায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উল্টো তাদের পাল্টা হামলায় পাকিস্তানের অন্তত ৫৫ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
তালেবান সরকারের পক্ষ থেকে আখুন্দজাদার মৃত্যুর দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে, যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তবে তা আফগানিস্তানের ক্ষমতার কাঠামো এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে পুনরায় ক্ষমতা দখল করে তালেবান সরকার গঠন করে। এরপর থেকেই হিবাতুল্লাহ আখুন্দজাদা দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।