সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবনের সামনে ৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৯:১৭
অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবনের সামনে ৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান

রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে গঠিত প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে শত শত শিক্ষার্থী শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

 

শিক্ষার্থীদের দাবি, সরকারের ঘোষণামতে দ্রুত অধ্যাদেশ জারি না করা পর্যন্ত তারা রাস্তা ছেড়ে যাবেন না। সকাল থেকে তারা ‘অধ্যাদেশ চাই, বিশ্ববিদ্যালয় চাই’ স্লোগান দিয়ে শিক্ষা ভবনের সামনের রাস্তায় বসে পড়েন।

 

এদিকে, এই কর্মসূচিকে ঘিরে শিক্ষা ভবন ও সচিবালয় এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুপুরের দিকে পুলিশ সচিবালয় অভিমুখে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়, ফলে আশপাশের রাস্তায় তীব্র যানজট তৈরি হয়।

 

উল্লেখ্য, ২০১৭ সালে রাজধানীর সাতটি সরকারি কলেজ যথাক্রমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং তিতুমীর কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করা হয়।

 

তবে, দীর্ঘদিনের নানা একাডেমিক সংকট, সমন্বয়হীনতা এবং শিক্ষার্থীদের ভোগান্তির কারণে গত জানুয়ারিতে কর্তৃপক্ষ এসব কলেজকে ঢাবি থেকে আলাদা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো চূড়ান্ত না করেই অধিভুক্তি বাতিলের ঘোষণা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। বর্তমানে ঢাকা কলেজের অধ্যক্ষকে প্রশাসক করে অন্তর্বর্তী ব্যবস্থায় কলেজগুলোর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

পরিস্থিতি স্থিতিশীল করতে সরকার এই সাত কলেজকে একত্র করে নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি অংশীজনদের সঙ্গে পরামর্শ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রস্তাবনা দেয়।

 

পরে ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বে একটি কমিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়া প্রণয়ন করে। গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় অধ্যাদেশের খসড়া প্রকাশ করে এবং সংশ্লিষ্ট পক্ষের মতামত আহ্বান করে।

 

শিক্ষার্থীরা বলছেন, আলোচনার সময় অনেক কেটে গেছে, এখন আর বিলম্ব নয়। তারা দ্রুত অধ্যাদেশ জারি করে নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু দেখতে চান।

সব খবর

আরও পড়ুন

তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ

চাহিদার এক-ষষ্ঠাংশ পেলেন নিয়োগ সুপারিশ তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ

নতুন শিক্ষাবর্ষের এক মাসেও পাঠ্যবই সংকট কাটেনি

সিন্ডিকেটে আটকে ৩০ লাখ বই নতুন শিক্ষাবর্ষের এক মাসেও পাঠ্যবই সংকট কাটেনি

শিক্ষাসামগ্রীর দাম বেড়ে অভিভাবকদের ওপর চাপ

নিম্নবিত্তের শিশুদের ঝরে পড়ার আশঙ্কা শিক্ষাসামগ্রীর দাম বেড়ে অভিভাবকদের ওপর চাপ

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভরাডুবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভরাডুবি

বাউবি মিডিয়া পরিচালক নিয়োগে অনিশ্চয়তা

দেড় বছরেও ফল প্রকাশ হয়নি বাউবি মিডিয়া পরিচালক নিয়োগে অনিশ্চয়তা

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে মবের চাপে শিক্ষক বহিষ্কারের পর এবার ক্লাস কার্যক্রম স্থগিত

‘ধর্ম অবমাননার’ অভিযোগ ঘিরে বিতর্ক ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে মবের চাপে শিক্ষক বহিষ্কারের পর এবার ক্লাস কার্যক্রম স্থগিত

‘দারিদ্র্যের কারণে পাহাড়ি শিশুরা পড়াশোনায় পিছিয়ে’

‘দারিদ্র্যের কারণে পাহাড়ি শিশুরা পড়াশোনায় পিছিয়ে’

শাকসু নির্বাচনে নারী প্রার্থী এত কম কেন?

ভোটে আছে নারীরা, নেতৃত্বে নেই শাকসু নির্বাচনে নারী প্রার্থী এত কম কেন?