সর্বশেষ

সমঝোতার পর আজ মাঠে গড়াচ্ছে বিপিএল

নাজমুল ইসলামকে অব্যাহতির পরও স্থগিত বিপিএল, মাঠের বাইরে অচলাবস্থা ও ভাঙচুরে উত্তাল দিন

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:০০
নাজমুল ইসলামকে অব্যাহতির পরও স্থগিত বিপিএল, মাঠের বাইরে অচলাবস্থা ও ভাঙচুরে উত্তাল দিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়ার পরও বৃহস্পতিবার অনিশ্চয়তায় পড়ে যায় চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটারদের বয়কট, বিসিবি ও ক্রিকেটারদের মুখোমুখি অবস্থান এবং স্টেডিয়ামে ভাঙচুর—সব মিলিয়ে দেশের ক্রিকেট কাটিয়েছে এক নজিরবিহীন অস্থির দিন।

 

বিসিবির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছিল, দলগুলোর মালিক পক্ষ ও বিপিএলের গভর্নিং বডির বৈঠকের পর বিপিএল স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বাস্তবেও বৃহস্পতিবার নির্ধারিত দুটি ম্যাচের একটিও মাঠে গড়ায়নি।

 

সংকটের সূত্রপাত যেভাবে

 

ক্রিকেটারদের বিশ্বকাপ ও আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ নিয়ে দেওয়া একাধিক বিতর্কিত মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের এজেন্ট’ আখ্যা দেওয়ার ঘটনায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তীব্র সমালোচনার মুখে পড়েন। এর প্রতিবাদে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নেতৃত্বে জাতীয় দলের শীর্ষ ক্রিকেটাররা একজোট হয়ে ঘোষণা দেন—নাজমুল ইসলাম বোর্ড পরিচালক পদে থাকলে তারা আর মাঠে নামবেন না।

 

বৃহস্পতিবার দুপুরে বনানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট ভাষায় বলেন, ক্রিকেটারদের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ায় তারা খেলায় অংশ নিতে পারছেন না। তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের সংকট সমাধান, নারী ক্রিকেটারদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার, নারী ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানো, বিপিএল থেকে অঘোষিতভাবে বাদ পড়া নয়জন ক্রিকেটারের বিষয়ে ব্যাখ্যা এবং এম নাজমুল ইসলামের পদত্যাগ।

 

 

বিসিবির সিদ্ধান্ত, কিন্তু অচলাবস্থা কাটেনি

 

ক্রিকেটারদের সংবাদ সম্মেলনের সময়ই জরুরি অনলাইন সভা করে বিসিবি। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবির সংবিধানের ৩১ অনুচ্ছেদের ক্ষমতাবলে এম নাজমুল ইসলামকে ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

বিসিবি দাবি করে, বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত এবং ক্রিকেটারদের স্বার্থই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে ক্রিকেটারদের মূল দাবি—নাজমুল ইসলামের বোর্ড পরিচালক পদ থেকে পদত্যাগ—এখনো পূরণ না হওয়ায় তারা অনড় থাকেন। ফলে অব্যাহতির ঘোষণার পরও মাঠে ফেরেননি ক্রিকেটাররা।

 

প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রশ্নে অচল সমঝোতা

 

দিনের শেষভাগে কিছুটা নমনীয় অবস্থান নেয় ক্রিকেটাররা। তারা বিসিবি সভাপতিকে প্রস্তাব দেন—নাজমুল ইসলাম যদি তাঁর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান এবং তাঁর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বহাল থাকে, তবে তারা পরদিন থেকেই বিপিএলে খেলতে নামবেন। কিন্তু বিসিবি সভাপতি এই প্রস্তাবে সম্মতি দেননি বলে ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়। এতে দুই পক্ষের আলোচনা অসমাপ্ত থেকে যায়।

 

পরে কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নাজমুলকে অর্থ কমিটি থেকে সরানোর সিদ্ধান্তকে তারা স্বাগত জানায় এবং পরিচালক পদ নিয়ে বিসিবির প্রক্রিয়াগত সময় চাওয়ার বিষয়টি বিবেচনায় নিতে রাজি আছে। তবে সেই প্রক্রিয়া অব্যাহত রাখার প্রত্যাশাও জানানো হয়।

 

মাঠে না গড়িয়ে মাঠের বাইরে উত্তেজনা

 

ক্রিকেটারদের বয়কটের সরাসরি প্রভাব পড়ে স্টেডিয়ামে। ম্যাচ না হওয়ায় দর্শকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে স্টেডিয়ামের গেট ভাঙার চেষ্টা, বিসিবির স্থাপনায় ভাঙচুর, বিপিএলের ব্যানার-বিলবোর্ড ছেঁড়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হলে পরে অবস্থা কিছুটা শান্ত হয়। স্টেডিয়ামের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

মোস্তাফিজ ইস্যুতে কোয়াবের ব্যাখ্যা

 

এই অচলাবস্থার মধ্যেই আলোচনায় আসে মোস্তাফিজুর রহমানের আইপিএল ও বিশ্বকাপ না খেলার প্রসঙ্গ। কোয়াব সভাপতি জানান, এটি মূলত খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করা হলেও মোস্তাফিজ নিজে বিষয়টি এগিয়ে নিতে না চাওয়ায় কোয়াব আর সক্রিয় হয়নি।

 

সমঝোতার পর মাঠে ফিরছে বিপিএল

 

গত দুই দিনের অচলাবস্থার পর অবশেষে সমঝোতায় পৌঁছেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে আগামীকাল শুক্রবার থেকে আবার মাঠে গড়াচ্ছে বিপিএল ২০২৬।

 

বৃহস্পতিবার রাতে বিসিবির সঙ্গে একাধিক দফা আলোচনার পর কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে ক্রিকেটাররা মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বিসিবি ক্রিকেটারদের দাবিগুলো প্রক্রিয়াগতভাবে দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে।

 

মিঠুন বলেন, ‘যে ঘটনাটা ঘটেছে, সেটা কোনোভাবেই এক্সেপ্টেবল না। আমরা এখনো সেটাকে এক্সেপ্ট করি না এবং কোনোভাবেই সাপোর্ট করি না। তবে বোর্ডের সঙ্গে হেলদি ডিসকাশনের মাধ্যমে একটা বাস্তবসম্মত জায়গায় পৌঁছানো গেছে।’

 

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে উনাকে (নাজমুল ইসলাম) রিচ করা যাচ্ছে না। তবে বোর্ড আমাদের কথা দিয়েছে—এজ আর্লি অ্যাজ পসিবল উনাকে রিচ করে আমাদের দাবিগুলো পূরণ করবে এবং তাদের প্রসিডিউর অনুযায়ী বিষয়গুলো কমপ্লিট করবে।’

 

নতুন সূচি ঘোষণা

 

এই সমঝোতার পরপরই বিপিএলের নতুন সূচি প্রকাশ করেছে বিসিবি। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়—

  • ১৫ জানুয়ারি ২০২৬-এর স্থগিত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শুক্রবার, ১৬ জানুয়ারি
  • ১৬ ও ১৭ জানুয়ারির ম্যাচ এক দিন পিছিয়ে অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ জানুয়ারি
  • ১৯ জানুয়ারির এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি

এর আগে কোয়াব এক বিবৃতিতে জানিয়েছিল, নারী জাতীয় দলের বিশ্বকাপ বাছাই, ছেলেদের জাতীয় দলের সামনে টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ বিবেচনায় নিয়ে তারা সব ধরনের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। একই সঙ্গে এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানো হয় এবং তাঁর প্রকাশ্য ক্ষমা প্রত্যাশা করা হয়।

 

সব মিলিয়ে সমঝোতার মাধ্যমে আপাতত কাটল বিপিএল সংকট। তবে বিসিবি ও ক্রিকেটারদের মধ্যকার আস্থার এই ফাটল কতটা স্থায়ীভাবে মেরামত হয়, সেদিকে তাকিয়ে থাকবে দেশের ক্রিকেট।

সব খবর

আরও পড়ুন

‘এ’ গ্রুপে ভারতের শিরোপা রক্ষার লড়াই, পাকিস্তানের চেষ্টা ঘুরে দাঁড়ানোর

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ‘এ’ গ্রুপে ভারতের শিরোপা রক্ষার লড়াই, পাকিস্তানের চেষ্টা ঘুরে দাঁড়ানোর

ভারতের কাছে হেরে বিদায় ঘন্টা বেজে গেল পাকিস্তানের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারতের কাছে হেরে বিদায় ঘন্টা বেজে গেল পাকিস্তানের

বিশ্বের সবচেয়ে তলানির ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল

‘দ্য ক্রিকেটার’-এর পর্যালোচনা বিশ্বের সবচেয়ে তলানির ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল

এবার বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল

আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি এবার বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল

বিসিবির ফিন্যান্স কমিটিতে নাজমুলের পুনর্বহাল

মবের আতঙ্কে নীরব ক্রিকেটাররা বিসিবির ফিন্যান্স কমিটিতে নাজমুলের পুনর্বহাল

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সংকটে বাংলাদেশ ক্রিকেট

ভুলের রাজ্যে বিসিবি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সংকটে বাংলাদেশ ক্রিকেট

বিসিবির অন্তর্বর্তীকালীন বোর্ডের ছয় মাসের দুর্নীতি পাপনের ১৫ বছরকেও ছাড়িয়েছে

বোর্ড পরিচালক দীপনের বিস্ফোরক মন্তব্য বিসিবির অন্তর্বর্তীকালীন বোর্ডের ছয় মাসের দুর্নীতি পাপনের ১৫ বছরকেও ছাড়িয়েছে

বিশ্বকাপ ব্যর্থতা আড়াল করতে আনা হলো ‘সাকিব কার্ড’

বিসিবি ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বিশ্বকাপ ব্যর্থতা আড়াল করতে আনা হলো ‘সাকিব কার্ড’