সর্বশেষ

এপ্রিল মাসব্যাপী চলবে এই আয়োজন

ফ্রিতে কালজয়ী সিনেমা দেখাচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ২৩:৩৩
ফ্রিতে কালজয়ী সিনেমা দেখাচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মাসব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। দর্শকরা প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে সম্পূর্ণ বিনামূল্যে আর্কাইভে সংরক্ষিত কালজয়ী চলচ্চিত্র বড় পর্দায় উপভোগ করতে পারবেন।

 

রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ ভবনের দোতলায় ৩০০ আসনবিশিষ্ট অত্যাধুনিক প্রজেকশন হলে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পুরোনো, নতুন কিংবা দুর্লভ চলচ্চিত্র সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

 

প্রথম দিনে দেখানো হয়েছে হারুনর রশীদ পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র মেঘের অনেক রং। ১ ঘণ্টা ১৭ মিনিট ব্যাপ্তির এই সিনেমায় অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা ও আদনান।

 

৯ এপ্রিল প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ক্ল্যাসিক দিন যায় কথা থাকে। ২ ঘণ্টা ৩২ মিনিটের সাদা-কালো এই ছবিতে অভিনয় করেছেন ফারুক, কবরী, আনোয়ারা, খলিল ও টেলিসামাদ।

 

১৬ এপ্রিল দেখানো হবে শাহ আলম কিরণ পরিচালিত সালমান শাহ ও শাবনূর অভিনীত জনপ্রিয় রঙিন চলচ্চিত্র সুজন সখী। এতে আরও অভিনয় করেছেন আনোয়ারা ও রিনা খান।

 

২৩ এপ্রিল দর্শকরা দেখতে পাবেন দেওয়ান নজরুল পরিচালিত অ্যাকশনধর্মী সাদা-কালো ছবি দোস্ত দুশমন। ২ ঘণ্টা ১৩ মিনিটের এই সিনেমায় অভিনয় করেছেন সোহেল রানা, ওয়াসিম, শাবানা ও সুচরিতা।

 

সবশেষে ৩০ এপ্রিল প্রদর্শিত হবে মমতাজ আলী পরিচালিত রঙিন চলচ্চিত্র নসিব। ২ ঘণ্টা ৪২ মিনিট ব্যাপ্তির এই ছবিতে অভিনয় করেছেন উজ্জল, শাবানা, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা।

 

ফিল্ম আর্কাইভ জানিয়েছে, চলচ্চিত্রের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে বাংলা সিনেমার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের সময়মতো হলে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সব খবর